অনেকেই ল্যাবে গিয়ে জানতে পারেন যে তাদের সঠিকভাবে প্রস্তুতি নেওয়া হয়নি। ফলে আবার আসতে হয়, অথবা ভুল রিপোর্ট আসে। একটু আগে থেকে জানলে এই ঝামেলা এড়ানো যায়।
কোন পরীক্ষায় খালি পেটে থাকতে হয়?
সব পরীক্ষায় খালি পেটে থাকতে হয় না — এটা অনেকের ভুল ধারণা। যেসব পরীক্ষায় fasting দরকার:
- Fasting Blood Sugar (FBS) — ৮-১২ ঘণ্টা খালি পেটে থাকুন
- Lipid Profile — ৯-১২ ঘণ্টা খালি পেটে থাকুন
- LFT (Liver Function Test) — ৮-১২ ঘণ্টা খালি পেটে থাকুন
- OGTT — ৮-১২ ঘণ্টা খালি পেটে থাকুন
- Serum Creatinine — খালি পেটে থাকা ভালো, তবে বাধ্যতামূলক নয়
যেসব পরীক্ষায় fasting লাগে না:
- CBC — যেকোনো সময় করা যায়
- TSH — যেকোনো সময় করা যায়
- Prolactin — যেকোনো সময় (তবে সকালে ভালো)
- Dengue NS1 — যেকোনো সময় করা যায়
- HbA1c — যেকোনো সময় করা যায়
- Vitamin D — যেকোনো সময় করা যায়
পানি খাওয়া যাবে?
হ্যাঁ। রক্ত পরীক্ষার আগে পানি খাওয়া যাবে — বরং পর্যাপ্ত পানি পান করা উচিত। পানি পান করলে শিরা খুঁজে পাওয়া সহজ হয়, রক্ত নেওয়া সহজ হয়। তবে চা, কফি, জুস বা দুধ খাওয়া যাবে না fasting test-এর আগে।
ওষুধ বন্ধ রাখবেন?
এটা নির্ভর করে কোন ওষুধ খাচ্ছেন তার উপর। সাধারণ নিয়ম:
- Blood pressure, heart, diabetes ওষুধ — ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করবেন না
- Thyroid ওষুধ (Thyroxine/Levothyroxine) — TSH test-এর দিন সকালের ডোজ রক্ত দেওয়ার পর নিন
- Warfarin বা blood thinner — PT/INR test-এর আগে ডাক্তারকে জানান
- Biotin supplement — Thyroid, vitamin test-এর ৭২ ঘণ্টা আগে বন্ধ রাখুন, ফলাফল প্রভাবিত হতে পারে
- Iron supplement — CBC-র আগে জানান
পরীক্ষার আগের রাতে কী খাবেন না?
Lipid Profile-এর আগের রাতে ভারী চর্বিযুক্ত খাবার (বিরিয়ানি, ভাজাপোড়া) এড়িয়ে চলুন। LFT-এর আগে অ্যালকোহল বা প্যারাসিটামলের মতো ওষুধের বাড়তি ডোজ এড়িয়ে চলুন।
ব্যায়াম করা যাবে?
Blood test-এর দিন সকালে ভারী ব্যায়াম এড়িয়ে চলুন। ব্যায়াম করলে Creatinine, CK, SGPT সাময়িকভাবে বাড়তে পারে এবং ফলাফল ভুল ব্যাখ্যা হতে পারে।
কোন সময়ে রক্ত দেওয়া ভালো?
সকাল ৭টা থেকে ১০টার মধ্যে সবচেয়ে ভালো। কারণ রাতে ঘুমানোর পর fasting period সম্পন্ন হয়, শরীর সতেজ থাকে, এবং বেশিরভাগ হরমোনের মাত্রা এই সময়ে সবচেয়ে consistent থাকে।